ধুয়ে মুছে যাক জীবনের ক্লান্তি -গ্লানি -বেদনা,
সকলকে নববর্ষের একরাশ শুভকামনা।
রাত পেরোলেই দিগন্ত জুড়ে নতুনের আগমন ,
অপেক্ষারত বাংলার খেত,গভীর বনানীতে
যেন আজ আলস্যহীন জাগরণ ।
নীরব রাত্রের স্নিগ্ধ নদীরতটে এক টুকরো ঘাসজমিতে,
বন্য লতাগুল্ম ভোরের রবিকে জানাবে
আজ সাদর সম্ভাষণ,
নিস্তব্ধ নদীর শান্ত নিশ্বাসজুড়ে
আজ ভোরের অক্লান্ত অন্বেষণ।
অশরীরী প্রেতাত্মার মতো দাঁড়িয়ে থাকা শুষ্কবৃক্ষের শাখায়,
পেঁচার দল নিদ্রাহীন চেয়ে রয় নবপ্রভাতের অপেক্ষায়।
চৈত্রের বিস্মিত আকাশ পথ চেয়ে রয়,
ঘাসফড়িং,জোনাকিপোকা জড়িয়ে নেয় তৃণ আশ্রয়।
বৃদ্ধ বটবৃক্ষের পাতার ফাঁকে নবীন আভায়
হবে এ নবীন বর্ষের নবীন সূর্যোদয়।
পুরাতন জীর্ণ জীবনের নিথর সত্তায়
আসবে নবীন প্রাণের স্পন্দন।
ক্লান্ত দুর্বল এ নিষ্প্রাণ আত্মায়
ফিরবে নিত্য নতুন নন্দন,
মুছে যাবে এ জীর্ণ আত্মার
যত বক্ষফাটা ক্রন্দন।
আমার কাননে ফুটবে ফের স্বর্নচাপা,পারুল,
নবীন হর্ষে উঠবে জেগে রং বেরঙের ফুল।
প্রাণ ফিরবে বৃক্ষরাজির নবীন পাতায়,
আমার কলমে , আমার কবিতায়।
বাগিচা জুড়ে রঙিন প্রজাপতির
নবীন উচ্ছাসে ইতস্তত শখের ভ্রমণ,
রঙিন কাননে প্রখর রৌদ্রে
পুনরায় ব্যস্ত অলির হাজার শ্রমণ।
কিছুকাল আগেও মৃত্যুভয়ে সন্ত্রস্ত শহর ছিল এক ঘুমন্তপুরী,
নিস্তব্ধ নির্জন শিশিরভেজা গলিগুলি যেন নিঃসঙ্গ প্রেতপুরী।
আমি চেয়েছিলাম এমন দিন,
যেদিন আমি মুক্ত প্রকৃতিতে হাটবো,
উদাস কবির মতো পথে প্রান্তরে ঘুরবো,
হারিয়ে যাব কোকিলের কুহুকুহু সুরের বন্যায়।
রঙিন বসন্তের শেষে এবার এসো অগ্নিতপ্ত বৈশাখ,
প্রজ্বলিত তাপবায়ে ধ্বংস করো অন্যায়, দুর্বলতা যত
অগ্নিতপ্ত রৌদ্র হয়ে গর্জে ওঠো নির্ভীক বিদ্রোহির মতো।
পুড়িয়ে ফেলো যত জীর্ণতা, ঘুচাও সকল ক্লেশ,
নবীন প্রাণে মশাল জ্বালো, নবোচ্ছাসের উন্মেষ।
কালবৈশাখীর ঝঞ্ঝা হয়ে উড়াও সকল জাতধর্মের ভেদ,
যত ভ্রান্তধারণার শেকর থেকে ঘটাও শিরস্ছেদ।
আর যেন কোনো শ্রমিকের রক্তে রাঙা না হয় এই মাটি,
আর যেন দিকে দিকে ধ্বনিত না হয় অসহায় কান্নাকাটি।
ক্ষুধার কামড়ে ক্ষতবিক্ষত শিশুর মৃতদেহ
যেন দিকে দিকে আর ছড়িয়ে না থাকে,
অসহায় মানুষের আকুল বেদনা,
যেন ভেসে না ওঠে মহানগরের প্রতি বাঁকে।
বালুময় আত্রেয়ীর ঘাটে দিবস রজনী কাটে,
আজ নতুনের আহ্বান ভোরের নিঃসঙ্গ নির্জন তটে।।
কলমে ✒️✒️ - সৌরভ দত্ত ....
এটি The Poetic Mind বিভাগের অন্তর্ভুক্ত আরেকটি নতুন আর্টিকেল..... আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং আর্টিকেলটি শেয়ার করুন


Oshadharon ♥️♥️
ReplyDeleteঅসাধারণ!! ❤❤
ReplyDeleteঅসাধারণ হয়েছে ভাই...❤️❤️হৃদয়স্পর্শী❤️
ReplyDeleteভাই অন্য স্ট্যান্ডার্ড এ লিখেছিস ❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteSupr
ReplyDelete💝💝
Deleteভাই অসাধারণ 🔥❣👌
ReplyDeleteThank You 💝💝
DeleteSuperb guru
ReplyDelete